দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (০৭ অক্টোবর ২০২৪) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় চিরিরবন্দর থানাধীন ১০ নং পুনট্রি ইউনিয়নের চকমুসা বিলপাড়া গ্রামের জয়উদ্দিনের লিচু বাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে একটি চৌকস অভিযানকারী দল পুনট্রি ইউপি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে চকমুসা বিলপাড়া গ্রামের লিচু বাগানের ভেতর গাঁজা সেবন ও নিজ দখলে রাখার অপরাধে তিনজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১ পুরিয়া গাঁজা, ১টি গাঁজা খাওয়ার কলকী এবং ২টি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট চলাকালে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বিলপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ আব্দুর রশিদ (৪৮), চকমুসা বিলপাড়া গ্রামের মোঃ ফয়েজ উদ্দিন শাহর ছেলে মোঃ ফারিকুল ইসলাম (২৪) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ জয়নুল (২২)।
অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ নং আসামি মোঃ আব্দুর রশিদকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, ২ নং আসামি মোঃ ফারিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং ৩ নং আসামি মোঃ জয়নুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে চিরিরবন্দর থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : E Somoy TV

মোঃ শরিফুল ইসলাম শাহ