মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, ইউআইইউর বিরুদ্ধে বড় জয় সোনারগাঁওয়ের

মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, ইউআইইউর বিরুদ্ধে বড় জয় সোনারগাঁওয়ের

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০২:০৮:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০২:০৮:৩৫ পূর্বাহ্ন

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দাপট দেখিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ পর্বে বড় জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। মোশারফ মুলার ও তানভীর হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ের পর বোলারদের সম্মিলিত নৈপুণ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ইউআইইউ) ১০২ রানে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রানের বিশাল সংগ্রহ গড়ে সোনারগাঁও ইউনিভার্সিটি। উদ্বোধনী জুটিতে মোশারফ মুলার ও আলাউদ্দিন মনা যোগ করেন ৯৯ রান।
 

২৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৫ রান করে ফেরেন আলাউদ্দিন। অন্যপ্রান্তে ঝড় তোলেন মোশারফ।

 

মাত্র ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

এরপর চার নম্বরে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালান তানভীর হোসেন।

মাত্র ৩২ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৮১ রান করেন তিনি। শেষদিকে সাইফুল ইসলামের ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পায় সোনারগাঁও।

 

ইউআইইউর হয়ে ৩১ রান খরচায় ৩ উইকেট নেন আসাদুল্লাহ সাঈদ। এছাড়া সাব্বির ও মাহমুদুল একটি করে উইকেট শিকার করেন।

এরপর ২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল ইউআইইউ। দুই ওপেনার রেজওয়ান ইকবাল ও মাহমুদুল আলমের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ৭৯ রান। বড় জুটি হলেও কঠিন লক্ষ্যে যে স্ট্রাইক রেটে খেলার প্রয়োজন ছিল সেটি করতে পারেনি ইউআইইউ।

 

৩৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৫৬ রান করে রেজওয়ান ফিরলে ছন্দপতন ঘটে দলটির। মাহমুদুল করেন ৩২ বলে ২৭ রান। শেষদিকে এহসানুল হকের ১৬ বলে ৩০ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে ইউআইইউর ইনিংস।

সোনারগাঁওয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল আসিফ হাসান। ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্স দেখান তানভীর। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় নেন ২ উইকেট। এ ছাড়া মোশারফ, জীবন ও সাইফুল একটি করে উইকেট শিকার করেন।

ব্যাট হাতে ৮১ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সোনারগাঁওয়ের অলরাউন্ডার তানভীর হোসেন।

 

 

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology