ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস জানায়, রোববার (৮ নভেম্বর) ভোররাতের দিকে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর প্রায় ৪০ মিনিট পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক লুৎফর রহমান।